Published : 09 Jun 2026, 03:53 PM
জার্মানির ফ্রাঙ্কফুর্টে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে ‘গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানি’।
শনিবার ফ্রাঙ্কফুর্ট আম মাইনে এ অনুষ্ঠানে আড্ডা ও সাংস্কৃতিক উৎসব করেন তারা। এতে জার্মানির বিভিন্ন শহর থেকে নোয়াখালীবাসীসহ প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাহের মুহাম্মদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।
সমিতির সভাপতি শওকত আলী মজুমদার বলেন, “এ ধরনের আয়োজন কেবল উৎসব উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি প্রবাসে বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সামাজিক সংহতি বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম।”
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবু নাহিয়ান পিনক, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু তোহা ও সহ-সভাপতি তসলিম ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে-গানে অংশ নেন লিপিকা আহমেদ লিপি, মিনহাজ দীপন, নিম্মত কাদের, ঝন্টু আহমেদ, সিনাতে মজুমদার ও শায়ন হ্যায়।
ঐতিহ্যবাহী দেশীয় খাবারের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।