Published : 17 Jun 2026, 08:37 PM
বিশ্বকাপ অভিষেকে নিজে করেছেন জোড়া গোল, জিতিয়েছেন দলকে। সেসবের ভালো লাগা নিশ্চয় আছে আর্লিং হলান্ডের। তবে তাদের ম্যাচের ঘন্টাখানেক পর মাঠে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করা লিওনেল মেসির পারফরম্যান্সে মুগ্ধতার শেষ নেই নরওয়ের তারকার।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন মেসি। রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী তারকা সেই উপলক্ষ রাঙিয়েছেন ৩৯ ছুঁই ছুঁই বয়সে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে। বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা।
ওই তিন গোলে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডে মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন মেসি। সতীর্থ, কোচ থেকে শুরু করে বিশ্ব জুড়ে ফুটবল বিশেষজ্ঞদের প্রশংসায় ভাসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেই তালিকায় আছেন হলান্ডও।
আর্জেন্টিনার জয়ের পর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করে হলান্ড লেখেন, “তিনি অসাধারণ।” পাশে একটি মুকুটের ইমোজিও জুড়ে দেন ম্যানচেস্টার সিটির তারকা। এতেই বোঝা যায়, মেসির প্রতি তার শ্রদ্ধা কতটা।
মেসির প্রতি হলান্ডের মুগ্ধতা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের মার্চে এই স্ট্রাইকার বলেছিলেন, “তিনি ওই ট্রফিগুলো জিতেছেন (ব্যালন দ’র ও ২০২৩ ফিফা বর্ষসেরার পুরস্কারের কথা বলছিলেন) এবং তিনি বিশ্বকাপও জিতেছেন। আমার মতে, তিনি সর্বকালের সেরা।”
মেসিদের ম্যাচের আগে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় সময়ের সেরা ফুটবলারদের একজন হলান্ডের। প্রথমার্ধেই দুই গোল করেন তিনি। ৪-১ গোলের বড় জয়ে অভিযান শুরু করে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে।