Published : 17 Jun 2026, 08:41 PM
আর কদিন পর বয়স হবে ৩৯। তবে বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটিই আরেকবার দেখালেন লিওনেল মেসি। বিশ্বকাপ অভিযানের শুরুতে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করার পথে যতক্ষণ খেললেন, এই গোধূলি বেলাতেও তার পায়ে দেখা গেল মধ্যগগণের তেজ। ভক্তদের অনেকের মনে তাই উঁকি দিতে শুরু করেছে, ২০৩০ সালের বিশ্বকাপেও কি দেখা যাবে ফুটবলের এই জাদুকরকে? নিজের ভাবনাটা অবশ্য স্পষ্ট করেই জানিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক- “একদমই না।”
ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে ৮০ মিনিট খেলেন মেসি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করার পথে তিনি নাম লেখান একের পর এক রেকর্ডে। প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি, সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করাসহ আরও কিছু অর্জন ধরা দেয় তার হাতে।
২০১৬ সালে হুট করে (অভিমানের বশে) আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন মেসি। অবসর ভেঙে ফিরে এসে জাতীয় দলের হয়ে মুঠোভরে সাফল্য পেয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিস্সিমা জিতেছেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।
এই বিশ্বকাপে তিনি খেলবেন কি না, বিশ্বকাপের কয়েক মাস আগেও তা স্পষ্ট ছিল না। শেষ পর্যন্ত আরেকবার বিশ্ব মঞ্চে এসে প্রথম ম্যাচেই উপহার দিলেন জাদুকরি পারফরম্যান্স। আরও একবার দেখালেন, প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডারদের জন্য তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
পরের বিশ্বকাপে মেসির বয়স হবে ৪২। আগে অনেকবারই তিনি বলেছেন, যতদিন শরীর সায় দেবে, ততদিন খেলে যাবেন। বয়স তার কাছে কোনো ব্যাপার না। একারণেই আলজেরিয়া ম্যাচের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিনিধি মেসিকে জিজ্ঞেস করেন, সপ্তম বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা আছে কি না। প্রথমে মেসি একটু হাসেন, যেন অনেক দূরের কোনো বিষয় নিয়ে দিবাস্বপ্ন দেখছেন। তবে দ্রুতই পরিষ্কার করে দেন ভাবনা, “না, না, কোনোভাবেই হবে না।”