নেইমারের জার্সি ভুল নিয়ে নেটদুনিয়ায় হইচই
চোটে কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এরই মধ্যে তাকে ঘিরে মাঠের বাইরের একটি নতুন ঘটনা আলোচনায় এসেছে। যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।ব্রাজিল জাতীয় দলের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির একটি অফিসিয়াল কাস্টমাইজড জার্সিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে বিষয়টি জার্সির নকশা নয়, বরং নেইমারের নামের শেষে থাকা একটি ফুলস্টপ বা ডট চিহ্নকে কেন্দ্র করে।নাইকির কাস্টমাইজেশন অপশনে নেইমারের ১০ নম্বর জার্সির পেছনে লেখা দেখা যায় “Neymar Jr.” অর্থাৎ ‘জুনিয়র’-এর সংক্ষিপ্ত রূপের পর একটি ডট ব্যবহার করা হয়েছে।ব্রাজিলিয়ান সাংবাদিক জোয়াও ভিটোর দো সান্তোসের তথ্য অনুযায়ী, এক সমর্থক নাইকির ওয়েবসাইটে নেইমারের কাস্টমাইজড জার্সি অর্ডার করতে গিয়ে বিষয়টি প্রথম লক্ষ্য করেন। পরে সেই ছবি ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়।এই ডট নিয়েই আপত্তি তুলেছেন অনেক সমর্থক। তাদের দাবি, নেইমার তার পুরো পেশাদার ক্যারিয়ারে কখনও জার্সিতে “Jr”–এর পর ডট ব্যবহার করেননি। জাতীয় দল, ক্লাব কিংবা প্রচারণামূলক উপকরণ সব জায়গাতেই “Neymar Jr” লেখা হয়েছে ডট ছাড়া।তবে অন্য একটি পক্ষ বিষয়টিকে ব্যাকরণগত দিক থেকে সঠিক বলেই মনে করছে। তাদের মতে, ইংরেজি নিয়ম অনুযায়ী “Junior”–এর সংক্ষিপ্ত রূপ “Jr.” লেখার সময় ডট ব্যবহার করা স্বাভাবিক ও শুদ্ধ রীতি।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের মতামত দেখা যাচ্ছে। একপক্ষ এটিকে নকশাগত ভুল হিসেবে দেখলেও অন্যপক্ষের মতে, এটি কেবল ব্যাকরণগত নিয়ম মানার একটি অংশ।

















