২০২৮ সাল পর্যন্ত ভ্যাটমুক্ত মেট্রোরেল
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা আরও সাশ্রয়ী রাখতে মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতির মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে এই সুবিধা অব্যাহত থাকলে মেট্রোরেল পরিচালনা ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং যাত্রীদের জন্য সাশ্রয়ী ও আধুনিক গণপরিবহন সেবা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। এদিকে, ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং মেট্রোরেলের ব্যবহার আরও জনপ্রিয় করতে সহায়ক হবে।এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

















