মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ও মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি।
বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে যায়। এ সময় ভেতরে বসা উপকারভোগী ও অতিথিদের ছোটাছুটি করতে দেখা যায়। পরবর্তীতে প্যান্ডেল খুলে ফেলা হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপস্থিতিতে বাড়ছে।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আগত চা শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান বন্ধ দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এসেছি। বাগানের গাড়িতে করে আমরা এসেছি।
চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন, আমরা সবাই এসেছি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমরা একনজর দেখতে এলাম। আমাদেরকে ভূমির অধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,,সফর সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এ সময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহায়তা চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়া হয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মৌলভীবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কেকে/ এমএস