‘রেমিট্যান্স যোদ্ধাদের এমন খেলা কল্পনাও করিনি’-মিনিস্টার সিদ্দিকুর রহমান
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জেলা ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের মিনিস্টার (শ্রম) মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের এমন খেলা কল্পনাও করিনি। মাঠে এসে খেলা দেখে মনে হয়েছে, যেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাছাই করা খেলোয়াড়রা অংশ নিয়েছেন।”
সোমবার (১ জুন) পুত্রাজায়ার লেকপাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬-এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. সিদ্দিকুর রহমান বলেন, “খেলার মান, খেলোয়াড়দের ফিটনেস, ব্যাটিং-বোলিং এবং মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি। প্রথমে বুঝতেই পারিনি তারা সবাই প্রবাসী কর্মজীবী মানুষ। পরে জানতে পারলাম, এরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা, যারা কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও নিজেদের প্রতিভার পরিচয় দিচ্ছেন।”
তিনি টুর্নামেন্ট আয়োজক বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি মালয়েশিয়া-কে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো. ফিরোজ রাব্বানী। তিনি বলেন, “প্রচণ্ড গরমের মধ্যেও খেলোয়াড়দের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও খেলার প্রতি আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। এই তরুণরাই দেশ ও প্রবাসে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে।”
এদিকে টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ রানে নরসিংদী লায়ন্সকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করে কুমিল্লা ১১২ রান সংগ্রহ করে। জবাবে নরসিংদী লায়ন্স নির্ধারিত ১০ ওভারে ৯২ রান করতে সক্ষম হয়।
টুর্নামেন্ট সেরা ও সেরা বোলারের পুরস্কার জিতেছেন নরসিংদীর জুনায়েদ তামিম। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন কুমিল্লার রায়হান। এছাড়া সেরা ব্যাটসম্যান খুলনার বেলাল হোসেন এবং সেরা উইকেটরক্ষক নরসিংদীর জাহিদ হাসান নির্বাচিত হন।
বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমি মালয়েশিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের ১২টি জেলার প্রবাসী ক্রিকেট দল অংশ নেয়। টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক ছিল প্রাণ মালয়েশিয়া।













কায়সার হামিদ হান্নান