মালয়েশিয়ায় এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে ‘এনটিভি ইফতার মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহ'র সুখ ও সমৃদ্ধি কামনায় মালয়েশিয়ায় অবস্থানরত দর্শকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে এনটিভি ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ ) বিকাল ৫ টা দেশটির রাজধানী কুয়ালালামপুরের চৌকিতে এসটো হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব এর সহ-সভাপতি ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে ইফতার মাহফিলে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা শায়েখ ড. মিজানুর রহমান আজহারি।
অনুষ্ঠানে সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ এর আসরে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আবু রায়হান।
বিশেষ আলোচক হিসাবে বয়ান করেন কুয়ালালামপুরের তিতিওয়াংসার সুরাও বায়তুল মোকারমের ঈমাম হাফেজ মাওলানা ইকরামুল হকও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিসবাহ উদ্দিন।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের ঢল নামে অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠান হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রবাসীদের উপস্থিতিতে।
অনুষ্ঠানের প্রশংসা করে এসময় ড. মিজানুর রহমান আজহারী বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম! ইফতারের আগে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এনটিভির ইফতার মাহফিল সফল করার জন্য ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)ও বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অফ ইউপিএম (বিএসএইউপিএম) কে ধন্যবাদ জানান অনুষ্ঠানের আয়োজক কমিটি।
সেই সাথে সকল স্পনসর কে বিশেষ করে সোনালী জুয়েলার্স এর পরিচালক আবু বাকার ছিদ্দিক নাসিমের প্রতি আয়োজকদের পক্ষথেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।













কায়সার হামিদ হান্নান