কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও অনেক ক্ষেত্রে আমদানি নির্ভরতা রয়েছে। তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন থাকবে না আর আগামী ৩ বছরের মধ্যে আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।”সোমবার (১৫ জুন) রাজধানীতে স্মার্ট কৃষিতে সরকারি বিনিয়োগ বিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ডস্টোরেজ স্থাপন করা হবে। এতে ১৫ থেকে ২০ জন কৃষক একসঙ্গে তাদের পণ্য সংরক্ষণ করা যাবে।
মন্ত্রী বলেন, কৃষকের কাছে চাহিদার সঠিক তথ্য না পৌঁছানোর কারণে অনেক সময় তারা ন্যায্য দাম পান না। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষের অর্থনীতি কৃষিনির্ভর হওয়ায় এ খাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।