চটগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে রাতে কুড়িয়ে পাওয়া এক ব্যবসায়ীর ২০ লাখ টাকা ফেরত দিয়েছেন এক নৈশপ্রহরী। বুধবার (১০ জুন) মধ্যরাতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তিনি টাকাগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন। ওই নৈশপ্রহরীর নাম মো. নুরুল আলম বাঁচা (৪৪)। তিনি নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের মাইজ্যা মিয়াজির বাড়ির মৃত কবির আহাম্মদের ছেলে। বর্তমানে নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাত সোয়া ১২টার দিকে দায়িত্ব পালনকালে নাজিরহাট বাজারের সোসাইটির মাঠের সামনে সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নুরুল আলম। ব্যাগটি তুলে তিনি ভেতরে বেশ কিছু টাকা দেখতে পান। পরে ব্যাগটি নিজের হেফাজতে নিয়ে পৌরসভার কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করেন। বিপুল পরিমাণ টাকা দেখে তিনি এর প্রকৃত মালিককে খুঁজতে শুরু করেন। পরে জানতে পারেন, টাকাগুলো নাজিরহাট বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান এম আর জুয়েলার্সের মালিক দুর্লভ ধরের।
পরবর্তীতে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন তিনি। এরপর নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক, ব্যবসায়ী মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে টাকাগুলো ব্যবসায়ীর কাছে ফেরত দেন। নৈশপ্রহরী মো. নুরুল আলম বাঁচা বলেন, “পরিত্যক্ত ব্যাগটি দেখে আমি পৌর কার্যালয়ে নিরাপদ জোনে নিয়ে আসি। কারো হারানো টাকা, বুঝতে পেরে বিষয়টি আগে নিশ্চিত হই। পৌর কার্যালয়ের সহকর্মীদের বিষয়টি অবহিত করি। পরে রাত সাড়ে তিনটার দিকে সবার উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটা মালিকের হাতে তুলে দিয়েছি।”
নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক বলেন, “কুড়িয়ে পাওয়ার বিষয়টি তিনি আমাকে জানান। পরে সবার উপস্থিতিতে টাকাগুলো এনে সব ঠিকঠাক মিল পাওয়ায় ওই ব্যবসায়ীর হাতে ফেরত দেওয়া হয়। পাশাপাশি ওই নৈশপ্রহরীকেও ব্যবসায়ীর মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।” টাকা ফিরে পেয়ে ব্যবসায়ী দুর্লভ ধর বলেন, “টাকাগুলো হারিয়ে গভীর রাতে আমি দিশেহারা হয়ে পড়ি। এসব টাকা ব্যবসায়ী গ্রাহকের আমানত। বর্তমান সময়ে সততায় ভরা মানুষ খুবই বিরল। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি সবার জন্য এক অনুকরণীয় ঘটনা।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, উপজেলার বাবুনগর গ্রামের এই ব্যক্তি পুরো উপজেলার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সততার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই এবং ছোট উদ্যোগও অনেক সময় বড় উদাহরণ হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেছেন তারা।