যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারেননি সোমালিয়ান রেফারি ওমর আরতান। তবে ফিফার পক্ষ থেকে টুর্নামেন্টের পূর্ণ পারিশ্রমিকই পাবেন তিনি।সোমবার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আরতানকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এরপর তার কূটনৈতিক পাসপোর্ট ও মার্কিন ভিসা প্রত্যাখ্যান করে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা জানান, সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে কথিত যোগাযোগ থাকার অভিযোগে আরতানকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আরতান জানান, সীমান্ত কর্মকর্তারা সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে তিনি তাদের জানান, ওই সংগঠন সম্পর্কে তার কোনো জ্ঞান নেই।আরতান বলেন, আমার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র ছিল। সঠিক ভিসাও ছিল। আমি শুধু একজন রেফারি, যে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করছে। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপে আসা।
পরে আরতানকে তুরস্কগামী একটি বিমানে তুলে দেওয়া হয়। ইস্তাম্বুলে ফিফার কর্মকর্তারা তাকে সহায়তা করেন। সেখান থেকে তিনি সোমালিয়ার রাজধানী মোগাদিশুগামী বিমানে ওঠেন।
বিবিসি স্পোর্টকে একাধিক সূত্র জানিয়েছে, আরতান বিশ্বকাপে কোনো ম্যাচ পরিচালনা করতে না পারলেও ফিফা তাকে নির্ধারিত পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্বকাপে দায়িত্ব পালনকারী রেফারিরা সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার আগে তাদের চূড়ান্ত পারিশ্রমিকের পরিমাণ জানতে পারেন না। প্রতিযোগিতা শেষ হওয়ার পরই সেই অর্থ পরিশোধ করা হয়।
২০২৫ সালে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)-এর বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতানকে ইতোমধ্যে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপের ম্যাচে দায়িত্ব পালনের আমন্ত্রণ জানানো হয়েছে, যে ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা।
নিজ দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর ৩৪ বছর বয়সী আরতান দেশ এবং দেশের মানুষদেরকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপে রেফারিং করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
২০২৫ সালটি আরতানের জন্য ছিল স্মরণীয়। তিনি প্রথম সোমালি হিসেবে কোনো মহাদেশীয় ফাইনালের দায়িত্ব পালন করেন। ওই বছরের জুনে তিনি আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ পরিচালনা করেন।এর আগে ফিফা আরতানকে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিয়োগ দেয়। সেখানে তিনি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেন।
বছরের শেষ দিকে তিনি আফ্রিকা কাপ অব নেশনসের দুটি গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা করেন। এর আগে ২০২৪ সালের আসরেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছিলেন।