Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বছরেই আসছে শাকিব খানের বিগ বাজেট সিনেমা ‘সোলজার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ জুন ২০২৬ ১৬:২৩

গত বছর থেকেই গুঞ্জন ছিল চলতি বছরে রূপালী পর্দায় মেগাস্টার শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পাবে। এবারের দুই ঈদে শাকিবের দুই ছবি যথাক্রমে ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ মুক্তি পেলেও বক্স অফিসে সেগুলো খুব একটা দাপট দেখাতে পারেনি। তবে এই দুই সিনেমার ভিড়ে ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার আসন্ন আরেকটি বিগ বাজেট সিনেমা ‘সোলজার’। এবার সেই প্রতীক্ষিত সিনেমাটি নিয়েই এলো নতুন এক দারুণ খবর।

সাকিব ফাহাদ নির্মিত এই হাই বাজেটের সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য পুরো টিম শিগগিরই থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই। মূলত গত বছরের অক্টোবরে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল। এরপর থেকেই বিভিন্ন সময়ে ‘সোলজার’ লুকে ক্যামেরার সামনে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব খান। সিনেমাটির একটি মোশন ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মাঝে উন্মাদনা এখন তুঙ্গে।

বিজ্ঞাপন

গেল ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার স্পেশাল প্রিমিয়ারে শাকিব খান নিজেই জানিয়েছিলেন, ‘সোলজার’ সিনেমার কিছু কাজ এখনও বাকি আছে এবং খুব দ্রুতই তিনি সেটে ফিরছেন। মেগাস্টারের সেই বক্তব্যের পরপরই এবার সিনেমা সংশ্লিষ্টদের ব্যাংকক যাওয়ার চূড়ান্ত পরিকল্পনার খবরটি সামনে এলো।

সিনেমাটির মুক্তির দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন চলছে। কেউ বলছেন চলতি বছরের ডিসেম্বরে শীতকালীন ছুটিকে টার্গেট করে মুক্তি পাবে সিনেমাটি, আবার অনেকের মতে দুই মাস এগিয়ে আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে আসতে পারে ‘সোলজার’।

দেশের প্রচলিত দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের অকুতোভয় সংগ্রামের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘সোলজার’-এর মূল কাহিনী। এই অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায় শাকিব খানের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন দুই জনপ্রিয় নায়িকা ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা এবং ঢালিউডের জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা তারিক আনাম খান ও তৌকীর আহমেদের মতো তারকাদের। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর