মার্কিন রিয়ালিটি শো ‘দ্য রিয়েল এল ওয়ার্ড’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন বেপ্পু আত্মহত্যা করেছেন। হনলুলু ময়নাতদন্ত বিভাগের প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম টিএমজেড এই তথ্য নিশ্চিত করেছে। গত ১৭ ফেব্রুয়ারি হনলুলুতে নিজ বাসভবন থেকে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, তিনি ঝুলে আত্মহত্যা করেছেন এবং মৃত্যুর সময় তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে।
জনপ্রিয় মার্কিন চ্যানেল ‘শো-টাইম’-এর এই রিয়েলিটি সিরিজে অভিনয় করে ফ্রান্সিন দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান। তার আকস্মিক প্রয়াণে গভীর শোকস্তব্ধ পরিবার এক বিবৃতিতে ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। মার্কিন এই অভিনেত্রীর রহস্যজনক ও আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।