মো. শাহপরান, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম (ভিজিট : ৩১)

প্রবাসের কষ্টের টাকা, ভাঙা সংসার আর এক করুণ পরিণতি
নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীর অন্যত্র চলে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার কেরামত আলী বেপারী বাড়ির মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৯ বছর ধরে কুয়েতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকা অবস্থায় আনোয়ার নিয়মিত স্ত্রী আকলিমা আক্তারের কাছে টাকা পাঠাতেন। ওই অর্থ দিয়ে স্ত্রী তার নামে জমি কিনেছিলেন বলেও স্বজনদের দাবি।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় মাস আগে দুই সন্তানের জননী আকলিমা আক্তার স্বামীর দূর সম্পর্কের এক ভাগনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তিনি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাড়ি ছেড়ে ওই যুবককে বিয়ে করেন। প্রায় ৯-১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন আনোয়ার। দেশে ফিরে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও কোনো সাড়া পাননি বলে স্বজনরা জানান। পরে স্ত্রী তালাকের নোটিশ পাঠালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।