আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে যথাসময়ে ওয়ানডে সিরিজ খেললেও টি-টুয়েন্টি সিরিজ বাতিল করেছে অজিরা। মূলত, আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি পিছিয়ে যাওয়ায় আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যার প্রভাব পড়েছে বাংলাদেশ নারী দলের বিপক্ষে সিরিজেও।
আইসিসির নতুন ছয় দলীয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমে ২০২৬ সালে শ্রীলঙ্কায় গড়ানোর কথা ছিল। আইসিসি টুর্নামেন্ট পিছিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া গ্রীষ্মকালীন ঘরোয়া এবং আন্তর্জাতিক সূচি নতুন করে সাজিয়েছে।
নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ম্যাচ তিনটি হবে ৯, ১১ এবং ১৪ অক্টোবর। সব ম্যাচই ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দিবা-রাত্রির ম্যাচ হিসেবে গড়াবে। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি।
ওয়ানডে সিরিজের পর ১৮, ২০ এবং ২২ অক্টোবর তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলার কথা ছিল দুদলের। সিরিজটি বাতিল করা হল।
সিরিজ বাতিল নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স প্রধান পিটার রচ বলেছেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আলোচনা করে ওয়ানডে সিরিজটি অ্যালান বোর্ডার ফিল্ডে দিবা-রাত্রির ম্যাচ হিসেবে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি, যা আমাদের নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) প্রস্তুতির জন্য দারুণ সুযোগ তৈরি করবে। তবে দুঃখজনকভাবে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করতে হয়েছে।’







