সাবেক এমপি নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এ সংক্রান্ত আবেদনটি করেন।
আদালতে পেশ করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, নিজাম উদ্দিন হাজারী ১৮ কোটি ৭২ লাখ টাকার সম্পদ গোপন বা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ ছাড়াও তিনি নিজের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেসব প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলনের মতো অসংখ্য সন্দেহজনক লেনদেন করেছেন। একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এই মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলাকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনায় দেখা যায় আসামি মো. নিজাম উদ্দিন হাজারী একজন নিয়মিত আয়কর দাতা। তদন্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ করা এবং সত্যায়িত ছায়ালিপি সংগ্রহ করা একান্ত প্রয়োজন। এই প্রেক্ষাপটে আদালত রেকর্ডপত্রগুলো জব্দের আদেশ দেন।

আদালত প্রতিবেদক