বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার
প্রায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ মে) ভোরের দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়েছে বলে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবক মো. লিখন মিয়া (২৩) কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিনের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। পরে তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মার্কিন ডলারগুলো উদ্ধার করা করা হয়। এর মধ্যে ১০০ ডলারের এক হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দ করা সর্বমোট ডলারের পরিমাণ এক লাখ ৫৯ হাজার ৩০০। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘বিশেষ অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে এই বিপুল ডলার জব্দ করা হয়। আটক যুবক লিখন মিয়ার বিরুদ্ধে ফরেন রেগুলেশন অ্যাক্টে মামলা করা হয়েছে।’

হায়দার আলী বাবু, লালমনিরহাট