তারেক রহমান মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন : জ্বালানি মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান যেমন মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন, তেমনি মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্য রক্ষা করার ব্যাপারে খুবই সিরিয়াস।
আজ শুক্রবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জ্বালানি মন্ত্রী বলেন, আমাদেরও তো শৈশব ছিল, শিশুকাল ছিল, বাল্যকাল ছিল। আমাদের মনে আছে, আমরা এমন কোনো বিকেল ছিল না যে বিকেলে আমরা মাঠে গিয়ে কোনোনা কোনো খেলা খেলিনি। হয়তো ক্রিকেট খেলেছি, হয়তো ফুটবল খেলেছি—এমন কি দাড়িয়াবান্ধা খেলেছি, ডাংগুটি খেলেছি। মোট কথা হলো যে স্বাস্থ্যের জন্য যা যা প্রয়োজন আমরা সবই করেছি। আমাদের সময় নিয়ম ছিলো মাগরিবের আজান পড়ার আগে বাড়িতে প্রবেশ করতে হবে। বাড়িতে প্রবেশ করে এইযে খেলাধুলা করে গায়ে যে ধুলাবালি লাগাতাম পরিষ্কার করে পড়ার টেবিলে বসতে হতো। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো চলে গেছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ফেসবুকের ওয়াল হয়ে গেছে সবচেয়ে নোংরা ওয়াল। এই ফেসবুকের জন্যেই পাড়ায় পাড়ায় মারামারি হয়, এই ফেসবুকে যারা লেখে তারা গুপ্তের চাইতে খারাপ। এই জিনিসগুলো না করে বাচ্চাদের কাছে বল তুলে দেন৷ বাচ্চাদের ক্রিকেটের ব্যাট দেন। মার্বেল খেলার ব্যবস্থা করেন। এগুলো করলে সমাজ ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সব ভালো হবে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ