হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় হাজেরা বেগম (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের শস্য গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত তছির উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে বের হন। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পায়নি পরিবার। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, বিষয়টি জানার পর লালমনিরহাট রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

হাসান মাহমুদ, লালমনিরহাট (কালীগঞ্জ-হাতীবান্ধা)