মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঝিনাইদহে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে ঢাকা ও রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বুধবার (২০ মে) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাফদারপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি পাথর বা মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সাথে উত্তরবঙ্গ ও ঢাকার রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।
গোলাম রসুল নয়ন আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি বিশেষ উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলী ও রেল শ্রমিকদের দ্রুত তৎপরতায় সকাল ৮টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার কাজ শেষ হওয়ার পর সকাল ৮টা থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)