শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
জয়পুরহাটে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ তার সৎ বাবা লিটন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) রাতে জয়পুরহাট শহরের আদর্শপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে লিটন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, স্বামীর সঙ্গে তালাক হয়ে যাওয়ায় প্রায় আট বছর আগে তিনি প্রথম পক্ষের এক মেয়ে ও এক ছেলেসহ জয়পুরহাট পৌর শহরের আদর্শপাড়া মহল্লার রিকশাচালক লিটনকে বিয়ে করেন। দ্বিতীয় স্বামীর সংসারের আর্থিক সচ্ছলতার জন্য তিনি কলেজের ছাত্রদের মেসে রান্নার কাজ করেন। তার দ্বিতীয় স্বামী লিটন রিকশা চালালেও নিয়মিত নেশা করত, তাই সংসারে ঠিকমতো খরচ দিতেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। এর মধ্যে গত সোমবার তার শিশুকন্যা তাকে সৎ বাবার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জানায়। এ বিষয়ে অভিযোগ করলে তার স্বামী লিটন ও শাশুড়ি পারুল বেগম তাকে গালমন্দ ও মারপিট করে ঘর থেকে তার বিভিন্ন জিনিসপত্র বাইরে ফেলে দেন এবং দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন।
ওই শিশুর মা জানান, গতকাল বৃহস্পতিবার তার ভুক্তভোগী মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করেন। আজ শুক্রবার দুপুরে তিনি বাদী হয়ে স্বামী লিটনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তিনি মেয়েকে ধর্ষণের অভিযোগে লিটনের ফাঁসি দাবি করেছেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নির্যাতিত ওই শিশুর মা থানায় মামলা করেছেন। সৎ বাবা লিটনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট