বন্ধুকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেল দুটি মেধাবী প্রাণ
মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়ার সময় বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। তারা দুজনই ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঢাকা থেকে ১৩ জন বন্ধুকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোপান। শুক্রবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সোপান ও আজওয়াদ গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে গোসল করতে নামলে সাঁতার না জানায় আজওয়াদ পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় সোপান তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত সোপান মুন্সীগঞ্জ পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকা মিরপুরের রিপন মিয়ার ছেলে ।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনে নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ