নেত্রকোনায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
নেত্রকোনার মদনে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে আমিনুল ইসলাম এরশাদ (৬৫) নামে এক কৃষক বজ্রাঘাতে মারা গেছেন। আজ রোববার সকালে উপজেলার ওই কৃষক এরশাদের নিজ বাড়ির সামনের হাওরে এ ঘটনা ঘটে।
কৃষক আমিনুল ইসলাম এরশাদ উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহি নেওয়াজ খানের ছেলে। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ।
সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ জানান, সকালে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রাঘাতে অচেতন হয়ে পড়েন আমিনুল ইসলাম এরশাদ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানান, বজ্রাঘাতে এক কৃষক মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, আমি শুনেছি বজ্রাঘাতে এক কৃষক মারা গেছেন। তার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।

ভজন দাস, নেত্রকোনা