লক্ষ্মীপুরে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
লক্ষ্মীপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে ইব্রাহিম মেলকার ওরফে ইবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) সন্ধ্যায় সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনপুরা ব্রিজ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম চর আলী হাসান গ্রামের করিম মেলকারের ছেলে ও পেশায় কৃষক।
স্থানীয়রা জানায়, দুপুরের পর থেকে জেলায় প্রচুর বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হয়। ইব্রাহিমের গরু মাঠে ছিল। ঘটনার সময় তিনি গরু আনতে মাঠে যান। গরুর খুঁটি উঠানোর সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চররমণী মোহন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুর রহমান স্বপন বলেন, ইব্রাহিম ভালো মানুষ ছিলেন। তিনি বজ্রাঘাতে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রাঘাতে কুরবানির জন্য প্রস্তুত দুটি গরুও মারা গেছে। এতে এক ক্ষুদ্র ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
গতকাল রোববার (২৪ মে) দিনগত রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওরি গ্রামে বুলবুল আহমেদ জনির দুটি গরু বজ্রপাতে মারা গেছে। এরমধ্যে একটি গরু কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য দুই লাখ আট হাজার টাকা চূড়ান্ত হয়েছিল।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর