প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে রাসিকের এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার নগদ অর্থ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার প্রদানের এই মানবিক উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়; এটি তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও কঠোর পরিশ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি। এই উপহার আমাদের কর্মীদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলবে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করছেন এবং ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল পুনঃখনন ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ বহু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।
রাসিক প্রশাসক ঘোষণা দেন, প্রধানমন্ত্রী ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কঠোর অনুশাসন দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা মাত্র ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই রাজশাহী মহানগরীর সমস্ত বর্জ্য অপসারণ করতে চাই। ঈদের দিন আমি নিজে টানা ৮ ঘণ্টা মাঠে থেকে এই কার্যক্রমের তদারকি করব। ঈদুল আজহা নির্বিঘ্ন করতে এবারই প্রথম নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার এবং মাদ্রাসায় চামড়া সংরক্ষণের জন্য লবণ বিতরণ করা হয়েছে।
বিগত ১৫ বছর ধরে পরিচ্ছন্নতার কাজ করা হাশেম আলী, পরিচ্ছন্নতাকর্মী সোনালী, ছাবেরা ও কহিনুর বেওয়া প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অতীতে আমরা কখনো এভাবে সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে ঈদ উপহার পাইনি। এই টাকা দিয়ে পরিবার ও নাতি-নাতনিদের জন্য ঈদের নতুন জামাকাপড় কিনতে পারব।’ পরিচ্ছন্নতাকর্মী মো. সাইফুল ইসলাম বলেন, এই সম্মান ও সহযোগিতা আমাদের কাজকে আরও অনুপ্রাণিত করবে। প্রশাসকের নেতৃত্বে আমরা রেকর্ড সময়ে বর্জ্য অপসারণ করব।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)