ফেনীতে এটিএম বুথে টাকা সংকট, ভোগান্তিতে গ্রাহক
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীতে এটিএম বুথে অর্থ সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টাকা তুলতে পারছে না গ্রাহকরা। কোথাও আবার এটিএম বুথে ‘টাকা নেই’ বার্তা দেখে খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।
সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংকের বিভিন্ন শাখার বিরুদ্ধে।
গতকাল সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন এটিএম বুথের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। কেউ কোরবানির পশু কেনার জন্য টাকা তুলতে এসেছেন, কেউ চিকিৎসা কিংবা ব্যবসায়িক প্রয়োজনে। কিন্তু অধিকাংশ বুথে টাকা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা।
শহরের মাস্টারপাড়া এলাকার মো. জয়নাল আবেদীন অভিযোগ করেন, কোরবানির গরু কেনার জন্য ইসলামী ব্যাংকের ফেনী শাখায় পাঁচ লাখ টাকা তুলতে গিয়ে কয়েকদিন ধরে ঘুরছেন তিনি। ব্যাংকে নিজের জমানো টাকা থাকলেও প্রয়োজনের সময় পাচ্ছেন না। ঈদের আগে পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছেন।
সোনাগাজীর চরচান্দিয়া এলাকার প্রবাসী পরিবারের সদস্য রুবেল হোসেন বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের সোনাগাজী শাখায় তার হিসাব থাকলেও বুথে গিয়ে টাকা পাচ্ছেন না।
এদিকে ব্যাংক কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত গ্রাহকচাপ ও কেন্দ্রীয়ভাবে নগদ সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইসলামী ব্যাংকের ফেনী শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঈদের আগে চাপ অনেক বেড়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সীমিত পরিমাণ টাকা বিতরণ করা হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, ঈদের আগে দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। অনেক পরিবার কোরবানি দেওয়া নিয়েও অনিশ্চয়তায় পড়েছে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)