ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে নৌযানের সনদ বাতিল : নৌপ্রতিমন্ত্রী
আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
আজ বুধবার (২৭ মে) বিকেল ৪টায় বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
এ সময় প্রতিমন্ত্রী নৌবন্দরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং লঞ্চে উঠে যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ করেন।
নৌবন্দর পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী কয়েকটি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা বা অভিযোগ আছে কি না, তা জানতে চান। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তায় অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো নৌযানে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সনদ বাতিল করা হবে।’
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে নৌপরিবহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকতার ফারুক শাহিন, বরিশাল