পশুর লাথি-গুঁতায় পঙ্গু হাসপাতালে ৩৩ জন
কোরবানি দিতে গিয়ে পশুর লাথি, গুঁতাসহ দড়ির টানাটানিতে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেক মানুষ। এছাড়া কোরবানির পশু নিয়ন্ত্রণ ও জবাই করতে গিয়ে হাত-পা ভাঙা, আঙুল কাটাসহ রগ ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক আঘাত নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৩ জন। গত ১৫ ঘণ্টায় মোটরসাইকেল দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে আহত হয়ে হাসপাতালটিতে এসেছেন আরও ১৬৮ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৮৯ জনকে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঘুরে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের এমন চিত্র দেখা গেছে।
নিটোর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জীবানন্দ হালদার জানান, গতকাল রাত ১২টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত হাসপাতালে মোট ১৬৮ জন রোগী এসেছেন। এর মধ্যে আজ সকাল থেকে কোরবানিজনিত কারণে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩৩ জন। মোট রোগীর মধ্যে ভর্তি হয়েছেন ৮৯ জন।
গুরুতর আহত রোগী কম এসেছে আজ জানিয়ে তিনি বলেন, কোরবানি দিতে গিয়ে আঙুল কাটা, রগ কাটা, হাত কাটা, পা কাটা, কোমরে কাটা এই ধরনের রোগী আসছে। কোরবানি দিতে গিয়ে যে সমস্যাগুলো হয়, সেই ধরনের রোগীই বেশি এসেছে। গুরুতর আহত রোগী গতকাল বেশি এসেছিল। অবশ্য গতকাল দুজন নিহত হয়েছেন। গতকাল যারা এসেছে এর মধ্যে কোরবানিজনিত রোগী ছিল। তবে বেশি ছিল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী।

নিজস্ব প্রতিবেদক