ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় স্বামী গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় রিয়াজুল ইসলাম রাজুকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (৩০ মে) সকালে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার (২৯ মে) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, প্রায় ১০ বছর আগে রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে ঈদের দিন পূর্ণিমাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাজু পালিয়ে যায়। পরে পূর্ণিমাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।
এ ঘটনায় পূর্ণিমার মা পাখি বেগম বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মুহিত কবির সেরনিয়াবত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর