গাজীপুরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ
গাজীপুরে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা করা এবং ৪৮ ঘণ্টার মধ্যে এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে ‘ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন’র উদ্যোগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহাদি হাসানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. ফাতেমা নূর নদীসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসক ও সদস্যবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী চিকিৎসকরা জানান, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর করতে হবে। পাশাপাশি বিএমডিসি ২০২৫ সালের অধ্যাদেশ খসড়া আইন অনুযায়ী, বিএমডিসি বহির্ভূত সকল অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।
ইন্টার্ন চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এই যৌক্তিক ছয় দফা দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বড় ধরনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নাসির আহমেদ, গাজীপুর