কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিক ধারণামতে, এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আনুমানিক ১০ থেকে ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের আশপাশে কাপড়ের ও তৈরি পোশাকের দোকান থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশের নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাজারের একটি বড় অংশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে তৈরি পোশাক, কসমেটিক্স সামগ্রী, বইখাতা, স্টেশনারি ও জুতাসহ বিভিন্ন ধরনের মূল্যবান মালামাল ছিল।
ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়ে জানান, ব্যবসা করার জন্য তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। দোকানের আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি তারা ঋণের কিস্তি পরিশোধ করতেন। রোজগারের একমাত্র উৎসটি চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা এখন সম্পূর্ণ নিঃস্ব ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ভূরুঙ্গামারী হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ছোট-বড় সবমিলিয়ে ভূরুঙ্গামারী বাজারের প্রায় ১০০টির মতো দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে দোকানের সঠিক সংখ্যা কমবেশি হতে পারে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আনুমানিক ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)