চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ইউএনও মাহমুদা জাহান
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান। তার এই অনন্য অর্জনে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।
গত বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়ায় যোগদানের পর থেকেই মাহমুদা জাহান উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, ইউএনওর গতিশীল নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। শিক্ষার উন্নয়নে তার আন্তরিকতা ও কর্মদক্ষতাই তাকে আজ বিভাগীয় শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে।
এদিকে মাহমুদা জাহানের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে। উপজেলার শিক্ষক নেতা, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অর্জনকে ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য অত্যন্ত গর্বের বিষয় হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় শিক্ষকদের মতে, তিনি কেবল একজন দক্ষ প্রশাসকই নন, বরং শিক্ষার উন্নয়নে একজন নিবেদিতপ্রাণ অভিভাবকও বটে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এই স্বীকৃতি আমার একার নয়, এটি ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মাননা কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার টেকসই উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এভাবে কাজ করে যেতে চাই।

মাহফুজ নান্টু, কুমিল্লা