আর্জেন্টিনা সমর্থকদের ফ্রি চিকিৎসার ঘোষণা ডেন্টাল সার্জনের
আর মাত্র কদিন। এর পরই বিশ্বকাপ ফুটবলের মহারথী আয়োজন। পুরো বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় মত্ত। বিশাল অট্টালিকার শহর থেকে প্রত্যন্ত গ্রামেও ছড়িয়েছে এই উন্মাদনা। আর তাই সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের এক দন্ত চিকিৎসক ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার সমর্থক হলে কোনো ফি না নিয়েই দেবেন চিকিৎসাসেবা।
হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার বেশিভাগ এলাকায়ই এখন পানিতে পরিপূর্ণ। সড়ক পথে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার কোনো যোগাযোগ নেই। বাহন হিসেবে নৌকায় করেই যাওয়া-আসা চলে। বিনোদনেরও খুব একটা সুবিধা নেই। তাই বিশ্ব যখন ফুটবল নিয়ে টালমাটাল তখন এই ডেন্টাল সার্জন ঘোষণা দিলেন ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার। তিনি তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
ডেন্টাল সার্জন শরীফ হোসাইন তার ফেসবুকের এক পোস্টে আর্জেন্টাইন সমর্থকদের সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসাসেবা ও দাঁতের ধারাবাহিক ট্রিটমেন্টের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে ডেন্টাল সার্জন শরীফ হোসাইন বলেন, আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে আমার ব্যক্তিগত চেম্বারে সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।
ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা দলটির সমর্থক পরিচয়ে তার চেম্বারে আসা রোগীরা সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন রোগের পরামর্শ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।
ডেন্টাল সার্জন শরীফ হোসাইন বলেন, দুর্গম এলাকা হওয়ায় আমি এমনিতেই এখানে গরিব রোগীদের বিনা ভিজিটে দেখি ও পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি ডেন্টাল চিকিৎসা আমার সাধ্যের মধ্যে যা আছে, তা স্বল্প খরচেই দিয়ে থাকি। ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতে আমি আর্জেন্টিনা সমর্থকদের জন্য এ বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছি।
ডেন্টাল সার্জন আরও বলেন—আসুন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।
এই ডেন্টাল সার্জন আরও বলেন, আমার এ কর্মস্থলে যোগদান এক বছর অতিবাহিত হলেও নিজ ইচ্ছেয় দুর্গম এলাকায় আরো কিছুদিন থেকে যাচ্ছি। কোথাও বদলির আবেদন করিনি।
ডেন্টাল সার্জনের এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নানা ধরনের অফারের মধ্যে একজন দন্ত চিকিৎসকের এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডেন্টাল সার্জন জানান, পোস্টটি মূলত দেওয়া হয়েছিল একঘেয়েমি দূর করে বিনোদন ও বিশ্বকাপের উৎসবকে পস্পরের মধ্যে ভাগাভাগি করতে এবং আর্জেন্টিনার ফ্যানদের সঙ্গে মতবিনিময়ের জন্য।

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ