অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া চক্রের মূল হোতা মোস্তাক মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৭ জুন) রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারির কাস্টমস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা। এই ঘটনায় মোস্তাকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, অনলাইন জুয়ার সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। জুয়ার এই আগ্রাসন রোধে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিমটি রোববার রাতে কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে মোস্তাক মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোস্তাক মিয়া বিকাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করত। এসব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা সদস্যরা মোস্তাকের মাধ্যমেই জুয়ার টাকা আদান-প্রদান করত।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক, জুয়া ও চোরাকারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে। এই সকল অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)