আজ ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দুপুরের মধ্যে যেকোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার (১০ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ছয়টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঠিক ওই সময়ে বাতাসের তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার দিনের তাপমাত্রা সামগ্রিকভাবে অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অতি সামান্য বা ‘ট্রেস’ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ছয়টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৪৬ মিনিটে ও আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে সূর্যোদয় হবে।

এনটিভি অনলাইন ডেস্ক