মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগায় ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে মো. হৃদয় (২৪) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় তিনি প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রাকিব জানান, রাত ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্ব পাশে একটি দোকান থেকে তেল নিতে গেলে শাকতলা গ্রামের আসিফ ও বাদশার মোটরসাইকেলের সঙ্গে ঘোষতল গ্রামের কয়েকজনের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ঘোষতল গ্রামের প্রান্তের ডাকে তিনটি মোটরসাইকেলে করে রাজিব, রিফাত, প্রান্তসহ আরও ৪-৫ জন যুবক বাজারে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর শুরু করে। এসময় গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেদিন সন্ধ্যায় চা খাওয়ার জন্য তিনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বের হয়েছিলেন। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব মাহমুদ মাহি জানান, রাত সাড়ে ৯টার দিকে হৃদয়কে হাসপাতালে আনা হয়। তার বুকের ডান পাশে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)