মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৪ জুন) গভীর রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, আনোয়ারা থানার চেনামতি এলাকায় সংঘটিত আলোচিত এই দুই হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিজ ঘরে নির্মমভাবে খুন হন স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তাদের কিশোরী মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এই হামলায় গুরুতর আহত হয় দম্পতির পাঁচ বছর বয়সী শিশুসন্তান পিয়াস বড়ুয়া। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, প্রতিবেশী তেজু বড়ুয়ার সঙ্গে তার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ চলছিল। তার ধারণা, ওই বিরোধের জের ধরে লেনদেনের কাগজপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। এছাড়া মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় এনি বড়ুয়াও আক্রমণকারী হিসেবে তেজু বড়ুয়ার নাম উল্লেখ করে গিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম