সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় অবস্থান
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকা দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বর্তমানে ওই ব্যক্তি সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৫ জুন) দিনগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাংগা বিওপির ১০৭৮ পিলারের কাছে আন্তর্জাতিক শূন্যরেখা থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তাকে আবারও শূন্যরেখায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় বিজিবি ও আমরা সাধারণ মানুষ মিলে বাধা দেই। সে প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করলেও নিজের কোনো সঠিক ঠিকানা বলতে পারেনি। পরে তাকে ভারতের দিকেই ফিরিয়ে দেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ কৌশলে এখন দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে পুশইনের চেষ্টা চালাচ্ছে। রাতে তেমনই একজনকে পুশইনের চেষ্টা করেছিল তারা। তবে বিজিবি ও স্থানীয়দের তাৎক্ষণিক বাধায় অনুপ্রবেশ ব্যর্থ হয়েছে এবং ওই ব্যক্তি বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর