ঐতিহাসিক ছোট সোনামসজিদ ও স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনা মসজিদসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন।
আজ বুধবার (১৭ জুন) সকালে তিনি সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জে যান। এরপর তিনি প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক ছোট সোনামসজিদ, হযরত শাহ নেয়ামতুল্লাহর (রহ.) মাজার এবং তোহাখানাসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
ছোট সোনামসজিদ পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি বন্দরের ইমিগ্রেশন কার্যক্রমসহ সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
ঐতিহাসিক ছোট সোনামসজিদ সুলতানী আমলের অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক, দর্শনার্থী ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসেন। মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ