কসবায় ৫ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ভিতরে থাকা এসব ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির। এ সময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা ঔষধ প্রশাসনের আবেদনের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মা মনোয়ারা ফার্মেসি, সততা ফার্মেসি ও ফারদিন ফার্মেসিসহ পাঁচটি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় ভবিষ্যতে এসব কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ওষুধের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতে সারা উপজেলায়ই পরিচালনা করা হবে। এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে উপজেলা প্রশাসন।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)