বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা এতে অংশ নেন।
সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এতে মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়। ইমাম থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। এতে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত শুরু হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। এতে মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।
সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। এতে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম বা সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। এতে মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।
কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে নির্ধারিত সময়ের আগে জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক