পবিত্র আশুরার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৭ জুন) পবিত্র মহররম মাস শুরু হবে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আরবি বর্ষপঞ্জির প্রথম ও চারটি সম্মানিত মাসের একটি হলো পবিত্র মহররম। এ মাসের ১০ তারিখে পবিত্র আশুরা পালন করা হয়।
এ ছাড়া মুসলিম উম্মাহর কাছে দিনটি গভীরভাবে শোকাবহ। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।
শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।
ইসলামে আশুরার দিবসের তাৎপর্য অনেক। এদিন মহান আল্লাহ আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লাওহে মাহফুজ ও যাবতীয় সৃষ্টি-জীবের আত্মা সৃষ্টি করেছিলেন। আশুরা উপলক্ষে মুসলমানরা দুটি রোজা রাখেন। ১০ মহররম, অর্থাৎ আশুরার দিন এবং এর সঙ্গে ৯ অথবা ১১ মহররম আরেকটি মোট দুটি রাখা রাখতে হয়।

এনটিভি অনলাইন ডেস্ক