৩ ব্রোকারেজ পেল ডিএসইর ফিক্স সার্টিফিকেশন
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স (এফআইএক্স) সার্টিফিকেশন দিয়েছে। সার্টিফিকেশনপ্রাপ্ত এই তিন প্রতিষ্ঠান হলো- জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।
আজ বুধবার (১৭ জুন) এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানান ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ) মো. শফিকুর রহমান।
বিজ্ঞতির মাধ্যমে শফিকুর জানায়, আজ বুধবার ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবিদ হোসেন খান সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের হাতে এ সার্টিফিকেট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ডিএসইর উপ-মহাব্যবস্থাপক জিসান বিন মুবারক, সহকারি মহাব্যস্থাপক কামরুন নাহারসহ অন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ব্রোকারেজ হাউজগুলো পক্ষে সার্টিফিকেশন গ্রহণ করেন জিএমএফ সিকিউরিটিজের হেড অব আইটি মিস লুবনা মাহমুদ; প্রাইম ইসলামী সিকিউরিটিজের সিইও মো. রাজিব হাসান এবং ইউনিক্যাপ সিকিউরিটিজের সিইও ওয়ালিউল ইসলাম।
উল্লেখ্য, ডিএসই ২০২০ সাল থেকে এপিআই ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে ৮৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ স্থাপন করে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন পরিচালনার লক্ষ্যে ডিএসইতে আবেদন করে। আজ সার্টিফিকেশনপ্রাপ্ত তিনটি ব্রোকারেজ হাউজসহ এ পর্যন্ত মোট ৬১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়। এর মধ্যে ৫৩টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন অর্জনের পর এপিআই সংযোগের মাধ্যমে সফলভাবে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।

নিজস্ব প্রতিবেদক