ট্রাম্পের সমালোচনার জবাবে যা বললেন পোপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সমালোচনার জবাবে শান্তি ও ধর্মীয় বার্তা প্রচারের ওপর জোর দিয়েছেন পোপ লিও। তিনি বলেছেন, গির্জার মূল কাজই হলো শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, আর কেউ সমালোচনা করতে চাইলে তা করার স্বাধীনতা রয়েছে।
সাম্প্রতিক এক বক্তব্যে পোপ বলেন, চার্চের মিশন হলো সুসমাচার প্রচার করা, শান্তির কথা বলা। তিনি আরও যোগ করেন, যদি কেউ এ কারণে আমাকে সমালোচনা করতে চায়, আমি শুধু আশা করি- মানুষ যেন ঈশ্বরের বাণীর মূল্য বুঝে। খবর বিবিসির।
এর আগে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, পোপ ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে সমর্থন করেন। যদিও পোপ এমন কোনো বক্তব্য দেননি। বরং তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের বিরোধিতা করেছেন, যা ট্রাম্পের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে ভ্যাটিকান সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
তবে যুক্তরাষ্ট্রের ভ্যাটিকান রাষ্ট্রদূত ব্রায়ান বার্চ বলেছেন, দুই পক্ষের মধ্যে বড় কোনো বিভেদ নেই। তিনি বলেন, দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব।
অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও পোপের অবস্থানকে সমর্থন করেছেন, যা ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়েছে।
উল্লেখ্য, পোপ লিও বারবার মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। তার ভাষায়, একজন ধর্মীয় নেতা হিসেবে আমি কখনোই যুদ্ধের পক্ষে থাকতে পারি না।

এনটিভি অনলাইন ডেস্ক