মধ্যপ্রাচ্য যুদ্ধ সত্ত্বেও এবারের হজপ্রত্যাশীর সংখ্যা গতবছরকে ছাড়িয়ে গেছে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ সত্ত্বেও আসন্ন হজের জন্য সৌদি আরবের বাইরে থেকে ১৫ লাখের বেশি হজপ্রত্যাশী দেশটিতে এসে পৌঁছেছেন, যা গত বছরের বিদেশ থেকে আসা দর্শনার্থীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে একজন সৌদি কর্মকর্তা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতের জেরে তেহরান সৌদি আরব এবং পুরো উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে উপর্যুপরি হামলার ঘোষণা দেয়। এর ফলে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয় এবং ভ্রমণ খরচ আকাশচুম্বী হয়ে ওঠে।
কয়েক সপ্তাহ ধরে আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বাতিলের পর সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের প্রধান উপসাগরীয় বিমান সংস্থাগুলো তাদের পরিচালন সক্ষমতা দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করে।
এইসব জটিলতা সত্ত্বেও, চলতি বছরের হজে অংশ নিতে আসা মুসল্লিরা সৌদি আরবে দলে দলে আসা অব্যাহত রেখেছেন।
সৌদি আরবের 'হজ পাসপোর্ট ফোর্সেস'-এর কমান্ডার সালেহ আল-মুরাব্বা শুক্রবার (২২ মে) রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশ থেকে আসা মুসল্লির মোট সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে।
আগামী সোমবার থেকে হজের আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিদেশ থেকে মুসল্লিদের আসা অব্যাহত থাকায় আগামী দুই দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
গত বছর হজে মোট মুসল্লির সংখ্যা ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জনে পৌঁছেছিল, যার মধ্যে সৌদি আরবের বাইরে থেকে এসেছিলেন ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।
ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ, যা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার পালন করা আবশ্যক।

এনটিভি অনলাইন ডেস্ক