ফিলিপাইনের ভবন ধস, ১৯ শ্রমিক আটকা পড়ার আশঙ্কা
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অদূরে একটি নির্মাণাধীন ৯তলা ভবন ধসে পড়েছে। আজ রোববার (২৪ মে) ভোরে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১৯ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত অ্যাঞ্জেলেস সিটিতে এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপির।
স্থানীয় সরকারের তথ্য কর্মকর্তা জে পেলায়ো বার্তা সংস্থা এএফপিকে জানান, আজ ভোর রাত আনুমানিক ৩টার দিকে কংক্রিটের তৈরি ওই বহুতল ভবনটি ধসে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, নির্মাণাধীন ভবনটির দেয়াল ও চারপাশের মাচা ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে তথ্য কর্মকর্তা জে পেলায়ো বলেন, ওই নির্মাণাধীন এলাকায় সাধারণত ১৯ জন কর্মী নিয়মিত কাজ ও অবস্থান করেন। আমরা এখন তাদেরই খোঁজ পাওয়ার চেষ্টা করছি।
জে পেলায়ো আরও জানান, উদ্ধার কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভেঙে পড়া বিশাল বিশাল কংক্রিটের স্ল্যাব। এগুলো সরানোর জন্য ভারী যন্ত্রপাতির (Heavy equipment) প্রয়োজন হচ্ছে, যা উদ্ধার অভিযানকে কিছুটা ধীর ও জটিল করে তুলেছে।
এদিকে অ্যাঞ্জেলেস সিটি সরকারের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বহুতল ভবনটি ভেঙে পড়ার সময় পাশে থাকা একটি অ্যাপার্টমেন্ট-স্টাইলের হোটেল ক্ষতিগ্রস্ত হলে, সেখান থেকেও ২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ২৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
কর্মকর্তা জে পেলায়ো আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করছি নিখোঁজ ভাবা ওই ১৯ জন কর্মী হয়তো ইতোমধ্যে উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যেই আছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত। তারা ওই ১৯ জনের অংশ কি না, তা নিশ্চিত করতে বর্তমানে বেঁচে যাওয়াদের নাম-পরিচয় যাচাইয়ের কাজ চলছে। ঘটনা তদন্তে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক