হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত
বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকরা হলেন- সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে শ্রমিকরা নির্মাণকাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন তারের সাথে লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হয়। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
এদিকে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দেয়। আশপাশের দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে এসে ভিড় জমান।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধারের পাশাপাশি পুরো এলাকাটি পরিদর্শন করে দেখছি।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান