সুপারশপ থেকে নেওয়া সালাদের প্যাকেটে জ্যান্ত ব্যাঙ!
সালাদ বানানোর জন্য সুপারমার্কেট থেকে লেটুস পাতার প্যাকেট কিনে এনেছিলেন অস্ট্রেলিয়ার এক কৃষক। কিন্তু প্যাকেট খুলতেই চোখ চড়কগাছ! পাতার ফাঁকে বসে আছে এক জ্যান্ত ব্যাঙ। প্রথমে বন্ধুরা বিশ্বাস না করলেও, পরে সেই ব্যাঙের নাম দেওয়া হলো ‘গ্রেগ’ ও এক পপ গান বাজিয়ে তাকে বেশ রাজকীয়ভাবেই মুক্ত করে দেওয়া হলো।
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এসপেরেন্স শহরে গত ১৬ মে এই মজাদার ও অদ্ভুত ঘটনাটি ঘটেছে। গত মঙ্গলবার (১৯ মে) বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত জানান ওই কৃষকের রুমমেট লরা জোন্স।
আরও পড়ুন : ভাই সেজে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
লরা জোন্স জানান, ওই দিন রাতে তার রুমমেট ও স্থানীয় কৃষক রাইস স্মোকার ঘরের তিন সদস্যের জন্য স্টেক ও সালাদ দিয়ে রাতের খাবার তৈরি করছিলেন। সুপারমার্কেট ‘উইলোর্থস’ থেকে কিনে আনা লেটুসের প্যাকেটটি কাটার পরই তিনি ভেতরে ব্যাঙটি দেখতে পান।
স্মোকার যখন চিৎকার করে লিভিং রুমে থাকা বাকিদের বলেন, আরে ভাই, লেটুসের ভেতরে তো একটা ব্যাঙ! তখন বাকিরা ভাবেন তিনি হয়তো কোনো রসিকতা বা এপ্রিল ফুল বানানোর চেষ্টা করছেন। অস্ট্রেলীয়রা একে স্থানীয় স্লাং বা উপভাষায় ‘টেকিং দ্য মিক’ বলে থাকেন। কিন্তু স্মোকার যখন প্লাস্টিকের ব্যাগটি ড্রয়িংরুমে নিয়ে আসেন, তখন বাকিদের হাসি আর থামে না।
লরা বলেন, সত্যিই একটা ছোট্ট ব্যাঙ পাতার নিচে লুকিয়ে ছিল। আমরা সবাই মিলে দারুণ মজা পেয়েছি।
আরও পড়ুন : বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম
আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি এখনও প্রক্রিয়াধীন : মার্কো রুবিও
লরার সঙ্গী বিলি লে পাইন জানান, তারা ব্যাঙটির নাম রাখেন ‘গ্রেগ’। এরপর সেটিকে ঘরের কাছের একটি পুকুরে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিদায়টা সাধারণ ছিল না। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) বিলি বলেন, আমরা গ্রেগকে বিদায় জানানোর সময় সুইডিশ অ্যানিমেটেড চরিত্র ও ইউরোড্যান্স মিউজিশিয়ান ‘ক্রেজি ফ্রগ’-এর বিখ্যাত সুরটি বাজিয়ে শুনিয়েছি। গান বাজিয়ে ওকে পুকুরে ছেড়ে দেওয়াটা বেশ আনন্দের ছিল।
লেটুসের প্যাকেটে ব্যাঙ পাওয়ার ঘটনাটি বেশ হাসির ও নির্ভেজাল হলেও, অস্ট্রেলিয়ার সুপারমার্কেটগুলোতে এর আগের অভিজ্ঞতাগুলো ছিল বেশ ভয়ঙ্কর। পাঁচ বছর আগে ২০২১ সালে সিডনির একটি উইলোর্থস সুপারমার্কেটের র্যাকে পণ্যের পেছনে তিন মিটার (১০ ফুট) লম্বা একটি নির্বিষ ডায়মন্ড পাইথন (অজগর) সাপ দেখতে পেয়েছিলেন এক ক্রেতা। একই বছরে সিডনির একটি ‘অ্যালডি’ সুপারমার্কেটে লেটুসের প্যাকেটের ভেতরে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় একটি মারাত্মক বিষাক্ত ‘পেল-হেডেড’ সাপ খুঁজে পেয়েছিলেন আরেক ক্রেতা।
এদিকে ঘটনার পর ওই সুপারমার্কেট চেইন ‘উইলোর্থস’ এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ওই পরিবারটিকে লেটুসের প্যাকেটের ক্ষতিপূরণ দিয়েছে। এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে তারা জানিয়েছে, কীভাবে সিলগালা প্যাকেটে ব্যাঙটি এল তা খতিয়ে দেখতে সরবরাহকারীদের সঙ্গে নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে তাদের টিম।

এনটিভি অনলাইন ডেস্ক