মক্কায় পবিত্র আরাফাতের দিনে ঘটতে যাচ্ছে বিরল মহাজাগতিক ঘটনা
সৌদি আরবের আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা আজ মঙ্গলবার (২৬ মে)। পবিত্র আরাফাতের দিবসে মক্কায় ঘটতে যাচ্ছে বিরল মহাজাগতিক ঘটনা। এদিন সূর্য মক্কার কাবা শরিফের ঠিক উপরে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। খবর গালফ নিউজের।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ঘটনাটি ১৪৪৭ হিজরির নবম দিন, অর্থাৎ আজ মঙ্গলবার দুপুরে সূর্য সরাসরি কাবা শরিফের উপরে অবস্থান করবে। ওই মুহূর্তে মক্কায় কোনোকিছুর ছায়া দেখা যাবে না।
মক্কার ভৌগোলিক অবস্থানের কারণে কাবা শরিফের ঠিক উপরে সূর্যের অবস্থানের ঘটনা সাধারণত প্রতি বছর দুবার ঘটে। তবে আরাফাতের দিনে এমন ঘটনা ঘটে প্রতি ৩৩ বছরে মাত্র একবার। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রিতে হওয়ায় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মধ্যে চলাচল করে, তখন এ ঘটনা ঘটে।
এ বছর আরাফাত দিবসের সঙ্গে কাকতালীয়ভাবে এ বিরল ঘটনা ঘটছে। সর্বশেষ ১৯৯৩ সালে এ ঘটনা ঘটেছিল।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জোর দিয়ে বলেছে, কাবা শরিফের ঠিক উপরে সূর্যের এই অবস্থানের ঘটনা প্রাকৃতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক। এতে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ে না।

এনটিভি অনলাইন ডেস্ক