হরমুজ প্রণালিতে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে উড়ে আসা একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, কয়েক ঘণ্টা ধরে চালানো এই ড্রোন হামলাগুলো মূলত ওই আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। খবর মিডল ইস্ট আইয়ের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে ইরানের ছোঁড়া সবকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) আকাশেই আটকে দেয় এবং ভূপাতিত করে।
সেন্টকম বিবৃতিতে উল্লেখ করেছে, কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী ইরানের সবকটি ড্রোন ভূপাতিত করেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। মার্কিন সামরিক বাহিনী আরও জোর দিয়ে বলেছে, এই বৈশ্বিক বাণিজ্য করিডোরটি সব ধরনের ট্রানজিটের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতির মাঝেই হরমুজ প্রণালিতে এই ড্রোন ইন্টারসেপ্টের খবর আসলো।
আরও পড়ুন : ইরানের সঙ্গে সমঝোতা স্বাক্ষরে জেনেভা যাচ্ছেন জেডি ভ্যান্স
মার্কিন কর্মকর্তার বরাতে প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তবে ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ইরানের ওপর থেকে এখনই কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার পরই কেবল নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেনেভায় এই সমঝোতা স্মারক সই হওয়ার পর দুই দেশের মধ্যকার অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে পরবর্তী কারিগরি ও কৌশলগত আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে সমুদ্রসীমার নিরাপত্তা জোরদারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতাদের প্রতি বিশেষ আহ্বান জানানোর পরিকল্পনা করছেন। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালিতে’ নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে অংশীদার দেশগুলোকে উৎসাহিত করবেন ট্রাম্প।

এনটিভি অনলাইন ডেস্ক